লেটেস্ট নিউজ

সরকারি কর্মীদের বকেয়া ডিএ ঘোষণা, কার পকেটে কত টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের ভোটের নির্ঘণ্ট প্রকাশের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে ‘রোপা ২০০৯’ বিধি মেনে এই বকেয়া অর্থ প্রদান করা হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মচারীসহ পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। দীর্ঘ প্রতীক্ষিত এই ঘোষণায় সংশ্লিষ্ট মহলে খুশির হাওয়া লক্ষ্য করা যাচ্ছে।

হিসাব অনুযায়ী, ২৫ শতাংশ ডিএ-র ভিত্তিতে গ্রুপ-ডি কর্মীরা ১ থেকে দেড় লক্ষ টাকা এবং গ্রুপ-সি কর্মীরা প্রায় ২ লক্ষ টাকা পেতে পারেন। উচ্চতর পদের ক্ষেত্রে গ্রুপ-বি কর্মীরা ২.৫০ লক্ষ এবং গ্রুপ-এ কর্মীরা ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত হাতে পাবেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৯ সালের এরিয়ার যুক্ত হলে এই অর্থের পরিমাণ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে, যা সর্বনিম্ন বেতনভুগীদের ক্ষেত্রেও ৪ লক্ষ টাকা ছাড়াতে পারে।

অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে। ২০০৯ সালের আগে থেকে পেনশন প্রাপক গ্রুপ-ডি ও গ্রুপ-সি কর্মীরা যথাক্রমে আনুমানিক ১ লক্ষ ও ২ লক্ষ টাকা করে বকেয়া পাবেন। অন্যদিকে, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে যারা অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরির মেয়াদ ও পরবর্তী পেনশনের আনুপাতিক হারে ডিএ গণনা করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপে লক্ষাধিক পরিবার আর্থিক স্বস্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *