সরকারি পরিষেবায় রেকর্ড ভিড়! মে আই হেল্প ইউ ক্যাম্পে জমা পড়ল ২ লক্ষেরও বেশি আবেদন
রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে সরকারি নথি। এসআইআর (SIR) পর্যায় চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হওয়া ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পগুলি এখন জনপ্রিয়তার শীর্ষে। জানা গেছে, গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শিবিরে জাতিগত শংসাপত্র (Caste Certificate), ডোমিসাইল সার্টিফিকেট এবং জন্ম-মৃত্যু শংসাপত্রের জন্য আবেদনের সংখ্যা ইতিমধ্যেই ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
প্রতিটি জেলার বিডিও, এসডিও এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে বাংলা সহায়তা কেন্দ্রের পরিকাঠামো ব্যবহার করে এই পরিষেবা দেওয়া হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি চাহিদা দেখা গিয়েছে জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে। প্রশাসন সূত্রে খবর, ভোটাধিকার রক্ষা এবং সরকারি শুনানিতে এই নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বাড়ির পাশের এই শিবিরগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নিখরচায় আবেদনের সুযোগ থাকায় সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমেছে।

