সরস্বতী পুজোয় স্বস্তি! বাংলায় পিছোচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, বড় ঘোষণা এনটিএ-র – এবেলা
এবেলা ডেস্কঃ
সরস্বতী পুজো ও নেতাজির জন্মজয়ন্তীতে রাজ্যে সরকারি ছুটির কারণে ২৩ জানুয়ারির জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা স্থগিত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। রাজ্য শিক্ষা দফতর এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তবে এনটিএ জানিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্যই এই সূচি পরিবর্তন করা হচ্ছে।
পরীক্ষা নিয়ামক সংস্থা সূত্রে খবর, ২৩ জানুয়ারির পরিবর্তে অন্য কোনো দিন এই পরীক্ষা নেওয়া হবে, যা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। যদিও এনটিএ তাদের ঘোষণায় সরস্বতী পুজোর কথা উল্লেখ করলেও নেতাজি জন্মজয়ন্তীর বিষয়টি এড়িয়ে গিয়েছে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় উদাসীনতার বিরুদ্ধে তোপ দেগেছে।

