সরস্বতী পুজোর আগেই উধাও জাঁকিয়ে শীত, কুয়াশার দাপট বাড়লেও চড়ছে তাপমাত্রার পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতাসহ দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোর ঠিক আগেই শীতের আমেজ ফিকে হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া থমকে যাওয়ায় এবং পূবালী বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢোকায় দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের উলুবেড়িয়া ও ডায়মন্ড হারবারের মতো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় বেলার দিকে গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও কলকাতায় দিনের বেলায় শীত কার্যত উধাও থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, ফলে বাগদেবীর আরাধনায় শীতের দাপট আর সেভাবে থাকছে না।

