সর্দি-কাশির যম ‘হট টডি’: ভাইরাল ৬৩ বছরের পুরনো এই প্রেসক্রিপশন! – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘর পরিষ্কার করতে গিয়ে এক মহিলার হাতে এল ১৯৬২ সালের একটি পুরনো প্রেসক্রিপশন। আর সেই হলদেটে কাগজ ঘিরেই এখন নেটপাড়ায় রীতিমতো শোরগোল। আজকের দিনে সামান্য সর্দি-কাশি বা জ্বরে যেখানে অ্যান্টিবায়োটিক আর দামী সিরাপের লম্বা ফর্দ ধরিয়ে দেওয়া হয়, সেখানে ছ’দশক আগের এই প্রেসক্রিপশন মাত্র তিন লাইনে সমাধানের পথ দেখিয়ে অবাক করে দিয়েছে নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই প্রেসক্রিপশনটি ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। সেই সময়কার চিকিৎসক ঠান্ডা লাগা সারাতে কোনও দামী ওষুধ নয়, বরং ঘরোয়া উপাদানে তৈরি এক বিশেষ মিশ্রণের পরামর্শ দিয়েছিলেন। যা বিশ্বজুড়ে ‘হট টডি’ নামে পরিচিত।
ভাইরাল সেই তিন লাইনের প্রেসক্রিপশন:
- এক চামচ হুইস্কি
- এক চামচ লেবুর রস
- এক চামচ মধু
এই তিনটি উপাদান নিয়মিত বিরতিতে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল সেই সময়। নেটিজেনদের একাংশের দাবি, বর্তমানের রাসায়নিক যুক্ত ওষুধের চেয়ে পুরনো দিনের এই ঘরোয়া টোটকা অনেক বেশি কার্যকরী। তবে আধুনিক চিকিৎসকদের মতে, ঘরোয়া টোটকা উপশম দিলেও দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।

