সাঁকরাইলে রামনবমীর সশস্ত্র মিছিলে রাজনৈতিক স্লোগান: তুঙ্গে নির্বাচনি বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার সাঁকরাইলে রামনবমীর প্রাক্কালে আয়োজিত এক সশস্ত্র শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। রাজগঞ্জ গঙ্গার ঘাট থেকে মানিকপুর পর্যন্ত বিস্তৃত এই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে তলোয়ার ও গদা দেখা যায়। আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও এই ধরনের মিছিলে বিজেপি প্রার্থী বর্ণালী ঢালির উপস্থিতি এবং পদ্ম চিহ্নে ভোট দেওয়ার স্লোগান ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মিছিলের উদ্যোক্তা ‘বিবেকানন্দ সেবা সংগঠন’-এর দাবি, দীর্ঘ ২৬ বছর ধরে তারা এই রীতি পালন করে আসছেন। সংগঠনের সভাপতি সহদেব থান্ডার সশস্ত্র মিছিলকে ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে বর্ণনা করে বিরোধীদের সমালোচাকে আমল দিতে নারাজ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন এবং নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।
অতীতে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির জেরে আদালতের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও, হাওড়া সিটি পুলিশ জানিয়েছে যে সংশ্লিষ্ট সংগঠনটি যথাযথ অনুমতি নিয়েই মিছিল করেছে। তা সত্ত্বেও, ভোট আবহে প্রকাশ্য রাস্তায় অস্ত্রের প্রদর্শন এবং রাজনৈতিক প্রচারের সংমিশ্রণ সাধারণ মানুষের নিরাপত্তা ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

