সাংসদ হয়েও ব্রাত্য! ভোটার তালিকা থেকে নাম কাটা গেল চিকিৎসক তরুণ মণ্ডলের – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন সাংসদ তথা এসইউসিআই নেতা চিকিৎসক তরুণ মণ্ডলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় আগে তাঁর নাম ‘বিচারাধীন’ হিসেবে থাকলেও, শুক্রবার রাতে প্রকাশিত দ্বিতীয় দফার তালিকায় দেখা যায় তাঁর ও তাঁর স্ত্রী মহুয়ার নাম পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
২০০৯ সালে জয়নগর লোকসভা কেন্দ্রের জয়ী সাংসদ তরুণ মণ্ডল বর্তমানে হাওড়ার বাসিন্দা। দক্ষিণ হাওড়া বিধানসভার ২৭৯ নম্বর বুথে তাঁর নাম ছিল। নাম বাদ পড়ার বিষয়ে নথি জমা দিয়েও কাজ না হওয়ায় তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন। ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ জানান, “পেনশনভোগী ও প্রাক্তন সাংসদ হওয়া সত্ত্বেও এক ডজন নথি জমা দিয়েও লাভ হয়নি।” এই বঞ্চনার প্রতিবাদে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একজন প্রাক্তন জনপ্রতিনিধির সঙ্গেই যদি এমন ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

