সাবধান! উচ্চ মাধ্যমিকে বিশৃঙ্খলা করলেই আজীবনের মতো বাতিল হতে পারে পরীক্ষা
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী। তবে নিরাপত্তার প্রশ্নে নজিরবিহীন কড়া অবস্থান নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী হিংসাত্মক আচরণ করলে, শিক্ষকদের ওপর আক্রমণ চালালে বা ভাঙচুর করলে তার অ্যাডমিট কার্ড বাজেয়াপ্তসহ চলতি বছরের সব পরীক্ষা বাতিল করা হবে।
সংসদের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট ধরা পড়লে কড়া শাস্তি হবে। নজরদারির জন্য প্রতিটি কেন্দ্রে থাকছে বিশেষ পর্যবেক্ষক দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলা এই পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে আইনি পদক্ষেপ ও জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মেধা ও স্বচ্ছতা রক্ষায় বিন্দুমাত্র আপস করতে নারাজ সংসদ কর্তৃপক্ষ।

