সাবধান! হোটেল বা রেস্টুরেন্টে খেতে গিয়ে পকেট কাটছে না তো? অতিরিক্ত চার্জ নিলেই এবার শ্রীঘর – এবেলা
এবেলা ডেস্কঃ
খাবারের বিলে আর দিতে হবে না বাড়তি টাকা
হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে বিলে ‘এলপিজি চার্জ’ বা ‘ফুয়েল সারচার্জ’-এর মতো অদ্ভুত কোনো কর দেখলেই সাবধান হয়ে যান। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) সাফ জানিয়ে দিয়েছে, মেনু কার্ডে থাকা দামের বাইরে কর ছাড়া অন্য কোনো লুকনো চার্জ নেওয়া সম্পূর্ণ বেআইনি। ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে জমা পড়া গুচ্ছ গুচ্ছ অভিযোগের ভিত্তিতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যবসায়িক খরচ গ্রাহকের ঘাড়ে নয়
অনেকেই সার্ভিস চার্জের বিকল্প হিসেবে এখন জ্বালানি বা বিদ্যুৎ খরচের দোহাই দিয়ে গ্রাহকদের থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। CCPA স্পষ্ট করেছে যে, রান্নার গ্যাস বা বিদ্যুতের খরচ ব্যবসার নিজস্ব বিষয় এবং তা মেনুর দামের মধ্যেই থাকা উচিত। আলাদা করে বিলের সঙ্গে এই খরচ যোগ করাকে ‘অন্যায় ব্যবসায়িক আচরণ’ হিসেবে গণ্য করা হবে।
আইনি ব্যবস্থা ও কড়া নির্দেশিকা
২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান গ্রাহককে বিভ্রান্ত করে বাড়তি ফি নিতে পারে না। এই নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট হোটেল বা রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনার বিলে এমন কোনো সন্দেহজনক চার্জ দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছে প্রশাসন।

