লেটেস্ট নিউজ

“সাম্প্রদায়িক রাজনীতি মুসলমানদের ধ্বংসে নেমেছে” — হতাশার পরেই আসে ভোর: মৌলানা মাদানি – এবেলা

এবেলা ডেস্কঃ

জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি দেশের বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। বেঙ্গালুরুতে সংগঠনের জেনারেল বডি বৈঠকে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় সরকার ও সাম্প্রদায়িক শক্তির সমালোচনা করে বলেন, আজ কিছু সাম্প্রদায়িক দল মুসলমানদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পথে-ঘাটে মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, অথচ অপরাধীর বদলে ভুক্তভোগীকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। তাঁর অভিযোগ, ঘৃণার রাজনীতি ভারতের শতাব্দীপ্রাচীন সহনশীলতা, বহুত্ববাদ ও যৌথ সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।

মৌলানা মাদানি বলেন, যাঁদের পূর্বপুরুষেরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার ভিত্তি গড়েছিলেন, আজ তাঁদেরই সন্তানদের ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে। তিনি দাবি করেন, মুসলিম যুবকদের মিথ্যা সন্ত্রাসবাদের মামলায় জড়িয়ে জীবন ধ্বংস করা হচ্ছে, তবু এতে তাঁরা ভীত নন—কারণ তাঁরা এই দেশের প্রকৃত নাগরিক ও অনুগত। হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে এসেছে; ভালোবাসা ও ভ্রাতৃত্বই এ দেশের রক্তধারা।

তিনি আরও বলেন, ঘৃণার এই আগুন নেভানো শুধু মুসলমানদের দায়িত্ব নয়—প্রত্যেক ন্যায়পরায়ণ ও সচেতন নাগরিকের কর্তব্য। ঘৃণার জবাব ঘৃণায় নয়, ভালোবাসা ও সহমর্মিতায় দিতে হবে। হতাশ হওয়ার কারণ নেই—কারণ “প্রতিটি রাতের পরই ভোর আসে।” ইতিহাস সাক্ষী, জুলুম যখন চরমে পৌঁছয়, তখনই শান্তি ও ন্যায়ের নতুন সকাল ঘনিয়ে আসে। তাঁর আশাবাদ, শিগগিরই এই দেশ আবার ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ন্যায়ের পথে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *