সিএএ-র বৈধতা চ্যালেঞ্জ, ৫ মে থেকে সুপ্রিম কোর্টে টানা শুনানি
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বৈধ নাকি অবৈধ, সেই দীর্ঘকালীন বিতর্কের অবসান ঘটাতে চূড়ান্ত পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৫ মে থেকে ১২ মে পর্যন্ত এই মামলার লাগাতার শুনানি চলবে। শুনানি শেষ হওয়ার এক মাসের মধ্যেই সর্বোচ্চ আদালত তাদের চূড়ান্ত রায় ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
২০১৯ সালে আইনটি পাসের পর থেকে দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ও আইনি লড়াই শুরু হয়। বর্তমানে ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দায়ের করা প্রায় ২৪৩টি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আবেদনকারীরা আইনের সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে প্রশ্ন তুললেও, তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আইনের ওপর স্থগিতাদেশ দেননি। ফলে ২০২৪ সাল থেকে দেশজুড়ে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের দাবি, প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতেই এই আইন। সরকারের মতে, বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করা অসাংবিধানিক নয়। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ এই আইন ধর্মীয় বৈষম্য তৈরি করছে। দীর্ঘ সাত বছরের টালবাহানার পর মে মাসের এই শুনানিই নির্ধারণ করবে সিএএ-র ভবিষ্যৎ এবং ভারতের নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা।

