লেটেস্ট নিউজ

সিকিমে ধেয়ে আসছে ভয়ংকর তুষারধস: পর্যটকদের জন্য জারি হলো চরম সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিগত কয়েকদিন ধরে উত্তর ও পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকা ভারী তুষারপাতে ঢেকে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লাচেন থেকে থাঙ্গু এবং গুরুদোংমার যাওয়ার রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দপ্তর ও ডিআরডিও আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিকিম জুড়ে ‘ভয়ংকর’ তুষারধসের পূর্বাভাস জারি করেছে। বিশেষ করে ছাঙ্গু ও নাথু লা সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমানে সিকিমে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যাতায়াত না করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উমথাং থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যদিও কিছু এলাকায় হালকা যান চলাচলের অনুমতি আছে, তবে বড় গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, রবিবার পর্যন্ত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত ও বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সিকিম সরকার ও সামরিক বাহিনী যৌথভাবে পর্যটকদের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *