লেটেস্ট নিউজ

সিঙ্গুর থেকে দিল্লি: SIR ইস্যুতে এবার রাজধানীতে হুঙ্কার মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরের মাটি থেকে বিধানসভা নির্বাচনের রণভেরি বাজিয়ে আজই দিল্লি পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা SIR-এর ‘হয়ানি’ এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার রাজধানীর রাজপথে সরব হবেন বাংলার অগ্নিকন্যা।

আজ বুধবার সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রায় হাজার কোটি টাকার প্রকল্পের পাশাপাশি ২০ লক্ষ মানুষের হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কিস্তির টাকাও তুলে দেবেন তিনি। গত ডিসেম্বরে মোদির সভার পালটা হিসেবে এই সভা থেকেই ‘বাংলা বিরোধী’ শক্তির পতনের ডাক দেবেন মমতা।

সিঙ্গুর থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি পৌঁছাবেন তিনি। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া লোকসভার বাজেট অধিবেশনে SIR ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করাই তাঁর মূল লক্ষ্য। তৃণমূল সূত্রের খবর, SIR আতঙ্কে বাংলায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবার এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নিয়ে নির্বাচন সদনের সামনে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তিনি। লোকসভা অধিবেশনের শুরুর দিনেই মমতার এই দিল্লি সফর জাতীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০০ দিনের কাজের বকেয়া দাবিতে উত্তাল হয়েছিল দিল্লি। এবার স্বয়ং দলনেত্রীর উপস্থিতিতে SIR ইস্যুতে আন্দোলনের তেজ কতটা বাড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *