সিপিএমকে তাড়িয়েছি কংগ্রেসকে মুছেছি এবার বিজেপিরও একই হাল হবে: অনুব্রত – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই বীরভূমের রাজনীতিতে ফিরে এল সেই চেনা মেজাজ। দীর্ঘ আড়াই বছর জেলবন্দি থাকার পর নির্বাচনী ময়দানে নেমেই বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। লোকসভা ও পঞ্চায়েতে জয়ের ধারা বজায় রেখে এবার জেলার ১১টি আসনেই জোড়াফুল ফোটানোর অঙ্গীকার করলেন তিনি।
জেল থেকে ফেরার পর এই প্রথম বিধানসভা ভোটের প্রচারে নেমেছেন কেষ্ট। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে তাঁকে ও তাঁর মেয়ে সুকন্যাকে জেল খাটানো হয়েছে। সংগঠনের ক্ষতি করার চেষ্টা হলেও বীরভূমের মানুষ যে তৃণমূলের সঙ্গেই আছেন, তা গত নির্বাচনেই প্রমাণিত। অনুব্রতর হুঙ্কার, আগে সিপিএমকে তাড়িয়েছি আর কংগ্রেসের নাম জেলা থেকে মুছে দিয়েছি। এবার বিজেপির অবস্থাও ঠিক তেমনই হবে। অন্ধকার শাসন ও বঞ্চনার জবাব দিতে মানুষ ফের জোড়াফুলেই আস্থা রাখবেন বলে দাবি করেন এই বর্ষীয়ান নেতা। কাজল শেখের হয়ে হাসন বিধানসভাতেও সক্রিয়ভাবে প্রচার চালানোর কথা ঘোষণা করেছেন তিনি।

