লেটেস্ট নিউজ

সিপিএমের অন্দরে ভাঙনের সুর, মীনাক্ষী ও দীপ্সিতার বিভাজনে কাঠগড়ায় সেলিম

বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রতীক উর রহমানের দলত্যাগের রেশ কাটতে না কাটতেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে দলের যুব নেতৃত্বের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ উঠেছে। বিশেষ করে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপ্সিতা ধরের অনুগামীদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। অভিযোগ, মহম্মদ সেলিম পক্ষপাতিত্ব করে মীনাক্ষীকে বাড়তি সুবিধা দিচ্ছেন।

দলীয় সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়ায় দীপ্সিতা ধর সবথেকে বেশি ভোট পেয়েছিলেন। তা সত্ত্বেও মীনাক্ষীকে গোপনে ওই আসনে প্রার্থী হওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে। মীনাক্ষী ইতিমধ্যেই সেখানে জনসংযোগ শুরু করেছেন, যা সিপিএমের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রচার করা হচ্ছে। এই ঘটনায় দীপ্সিতা ধরকে কৌশলে কোণঠাসা করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দলের অন্যান্য তরুণ তুর্কিরা।

তরুণ প্রজন্মের নেতৃত্বের এই বিভাজন সাধারণ কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নন্দীগ্রামে মীনাক্ষীর জামানত জব্দের প্রসঙ্গ টেনে অনেকেই নিরাপদ আসনে তাঁকে বাড়তি সুবিধা দেওয়ার সমালোচনা করছেন। দলের একাংশের মতে, যোগ্য প্রার্থীকে অন্ধকারে রেখে পছন্দের নেত্রীকে প্রাধান্য দেওয়ায় সংগঠন দুর্বল হচ্ছে। নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ ডামাডোল লাল শিবিরের জন্য বড়সড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *