সিপিএম রাজ্য কমিটির বৈঠকে নেপথ্যে প্রতীক-উর প্রসঙ্গ, গুরুত্বহীন রাখার কৌশলে আলিমুদ্দিন
সিপিএমের দুই দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু হলেও তরুণ নেতা প্রতীক-উর রহমানের সাম্প্রতিক বিদ্রোহ নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেনি আলিমুদ্দিন। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে তাঁর ক্রমাগত আক্রমণ সত্ত্বেও বৈঠকে উত্তরবঙ্গের একটি জেলা ছাড়া অন্য কেউ বিষয়টি নিয়ে সরব হননি। দলীয় সূত্রের খবর, প্রতীকের বিরুদ্ধে এখনই কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে তাঁকে ‘শহিদ’ তকমা দিতে নারাজ নেতৃত্বের বড় অংশ। বরং তাঁর মন্তব্যে গুরুত্ব না দেওয়ার কৌশলই গ্রহণ করেছে দল।
অন্যদিকে, বৈঠকে মূল আলোচনার কেন্দ্রে ছিল দলের নির্বাচনী প্রতীক ‘কাস্তে-হাতুড়ি-তারা’। কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে যাওয়ায় এবার প্রায় ২০০ আসনে নিজস্ব প্রতীকে লড়ার প্রস্তুতি নিচ্ছে বামেরা। তবে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি ও বেকার ভাতার মতো জনমুখী প্রকল্পগুলি সিপিএমের ভোটব্যাঙ্কে কতটা থাবা বসাবে, তা নিয়ে রাজ্য কমিটির সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ পেয়েছে। বিশেষত দলের বর্তমান ভোট শতাংশে জামানত রক্ষা করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রতীক-উর রহমান প্রকাশ্যে মহম্মদ সেলিমকে ‘গব্বর সিংহ’ বলে কটাক্ষ করলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন। তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে তিনি নীরব থাকলেও শাসকদলের নেতাদের সামাজিক মাধ্যমের পোস্টে জল্পনা আরও বেড়েছে। এদিকে শতরূপ ঘোষের মতো নেতারা প্রতীককে সতর্ক করে দিয়েছেন। শুক্রবার বৈঠকের দ্বিতীয় দিনে তাঁর বিরুদ্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কি না, এখন সেটাই দেখার।

