সীমান্ত সংঘাতের জেরে উত্তপ্ত পাকিস্তান ও আফগানিস্তান: পাল্টাপাল্টি বিমান হামলা ও প্রাণহানি – এবেলা
এবেলা ডেস্কঃ
শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় জোরালো বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, তাদের সামরিক অবস্থানের ওপর তালেবানি হামলার জবাবেই এই ‘পাল্টা হামলা’ চালানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারের দাবি, এই অভিযানে ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।
অন্যদিকে, আফগান তালেবান সরকার পাকিস্তানের এই আগ্রাসনকে অবৈধ আখ্যা দিয়ে সীমান্তে পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আফগান বাহিনীর হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কাবুলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাবর্ষণের কথা নিশ্চিত করলেও হতাহতের খবর অস্বীকার করেছেন।
উভয় দেশের সীমান্তে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভূখণ্ড রক্ষার শপথ নিয়েছেন। গত বছর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও সাম্প্রতিক এই সংঘাত দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে যুদ্ধের কিনারে ঠেলে দিয়েছে।

