লেটেস্ট নিউজ

সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন রাজীব কুমার, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

কয়লা ও গরু পাচারকাণ্ডে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। রাজীবের আইনজীবীর দাবি, শিলিগুড়ির জনসভা-সহ বিভিন্ন জায়গায় তাঁর মক্কেলের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য পেশ করেছেন সুকান্ত। এই মন্তব্যের জেরে প্রাক্তন ডিজির সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

দুই পাতার ওই আইনি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে সুকান্ত মজুমদারকে তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করবেন রাজীব কুমার। কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজীব কুমার মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন তাঁর আইনজীবী।

এই আইনি পদক্ষেপের প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি জানিয়েছেন, এই নোটিসের জবাব আইনি পথেই দেওয়া হবে। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ হয়ে সুকান্তকে ওই নোটিস ডাস্টবিনে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই ঘটনায় বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *