সুন্দরবনে বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যু: এক ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইও বিফল
সুন্দরবনের দেউলভারানি জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরার সময় বাঘের হামলায় প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী মৎস্যজীবী গোপাল ঢালি। গত শনিবার বিকেলে দুই সঙ্গীর সাথে কাজ করার সময় আচমকা একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড় কামড়ে ধরে তাঁকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দক্ষিণরায়।
সঙ্গীকে বাঁচাতে অন্য দুই মৎস্যজীবী প্রায় এক ঘণ্টা বাঘের সাথে আসাম লড়াই চালান। প্রাণপণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি; বাঘটি গোপালকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায়। রবিবার সকালে বনের ভেতর তল্লাশি চালিয়ে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন সঙ্গীরা। সোমবার রাতে ঝড়খালির গ্রামের বাড়িতে দেহটি পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত মৎস্যজীবী ঝড়খালি ৪ নম্বর এলাকার বাসিন্দা। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে গিয়ে এই মর্মান্তিক পরিণতিতে দিশেহারা নিহতের পরিবার। সুন্দরবনের মৎস্যজীবীদের জীবনে বাঘের সাথে এই মরণপণ লড়াই ও প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ফের এক বার প্রকাশ্যে এল।

