সুপ্রিম নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশিকা, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠল জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক স্ক্রিনশট শেয়ার করে এই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিশেষ পর্যবেক্ষক সি মুরুগন আদালতের নির্দেশ অমান্য করে সরাসরি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাচ্ছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কার নির্দেশে আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে এই কাজ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, মাইক্রো অবজার্ভারদের ভূমিকা হবে কেবলমাত্র সহায়কের এবং যেকোনো নির্দেশিকা জারি করতে হবে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে। এছাড়া, রোল অবজার্ভারদের লগইন তথ্য অপব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার গুরুতর অভিযোগও এনেছেন তিনি।
তৃণমূল সাংসদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আইপি অ্যাড্রেস এবং টাওয়ার লোকেশন তদন্ত করলেই এই জালিয়াতি প্রমাণিত হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট করেন যে, এই সমস্ত তথ্য ও প্রমাণসহ বিষয়টি পুনরায় দেশের সর্বোচ্চ আদালতে উত্থাপন করা হবে। দিল্লির নির্দেশে কাজ করা আধিকারিকদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেছেন।

