সূর্য ওঠার আগেই কেন ডেকে ওঠে মোরগ জানলে অবাক হবেন আপনিও – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোরবেলায় সূর্যোদয়ের আগেই মোরগের ডাক শুনে আমাদের ঘুম ভাঙে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে, সূর্য ওঠার সঠিক সময় মোরগ কীভাবে টের পায়? গবেষণায় দেখা গেছে, মোরগের শরীরের ভেতরে ‘সার্কেডিয়ান রিদম’ বা এক ধরনের জৈবিক ঘড়ি থাকে। এই প্রাকৃতিক সেন্সরের কারণেই তারা আলো ফোটার আগেই আসন্ন সূর্যোদয়ের সংকেত পায়। মজার বিষয় হলো, মোরগের বয়স যত বাড়ে, এই সেন্সর তত নিখুঁতভাবে কাজ করে। তাই দলের সবচেয়ে বয়স্ক মোরগটিই সাধারণত সবার আগে ডাক দিয়ে দিনের শুরু ঘোষণা করে।
মোরগের এই ডাক আসলে কোনো সাধারণ চিৎকার নয়, বরং এর তীব্রতা প্রায় ১৪৩ ডেসিবেল পর্যন্ত হতে পারে। অনেকে মনে করেন মোরগ মানুষকে জাগানোর জন্য ডাকে, কিন্তু আসলে এটি তাদের নিজস্ব শৃঙ্খলা ও যোগাযোগের মাধ্যম। তারা মূলত নিজের পরিবার এবং অন্যান্য সঙ্গীদের জাগিয়ে তোলার জন্য ডাক দেয়। দলের মোরগদের মধ্যে চমৎকার সমন্বয় দেখা যায়; সাধারণত একজন ডাকা শেষ করলে তবেই অন্যজন শুরু করে। প্রকৃতির এই অদ্ভুত নিয়ম ও মোরগের গলার জোরালো স্বর হাজার বছর ধরে ভোরের বার্তাবাহক হিসেবে কাজ করছে।

