‘সেনা শক্তিশালী না হলে দশা হবে ইরাক-ভেনেজুয়েলার মতো’, ট্রাম্প জমানায় কড়া বার্তা বায়ুসেনা প্রধানের – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতার আবহে ভারতের সামরিক শক্তি নিয়ে বড় বয়ান দিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, দেশের সেনাবাহিনী যদি শক্তিশালী না হয়, তবে ভেনেজুয়েলা বা ইরাকের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।
দিল্লিতে ২২তম সুব্রত মুখার্জি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, “একটি রাষ্ট্রের শক্তি নির্ধারিত হয় তার সামরিক সামর্থ্যের ওপর। আমাদের বুঝতে হবে যে সামরিক শক্তিই হলো জাতীয় শক্তির চূড়ান্ত মাপকাঠি।” ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরান, ভেনেজুয়েলা এমনকি গ্রিনল্যান্ডের মতো দেশগুলোর ওপর মার্কিন আধিপত্য বিস্তারের চেষ্টা নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি ভারতের ওপর নানা কর বিধি আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।
এই প্রেক্ষাপটে এপি সিংয়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, শক্তিশালী সেনাবাহিনী না থাকলে যে কেউ ভারতকে পদানত করার চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, কেবল সামরিক শক্তি থাকলেই হবে না, প্রয়োজনে সঠিক সময়ে তা প্রয়োগ করার সাহস থাকাটাও জরুরি। বায়ুসেনা কর্মীদের অতীতের গৌরবগাথা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

