লেটেস্ট নিউজ

সেনেগালের ট্রফি কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করল সিএএফ – এবেলা

এবেলা ডেস্কঃ

আফ্রিকা কাপ অফ নেশনস (এএফসিওএন) ফুটবলে নাটকীয় মোড় নিয়ে সেনেগালের শিরোপা বাতিল করে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করেছে মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘সিএএফ’। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে রেফারির একটি পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগাল দল সাময়িকভাবে মাঠ ত্যাগ করায় এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে ম্যাচ জয়ের দুই মাস পরই ট্রফি হারাতে হলো সাদিও মানেদের দলকে।

নিয়ম অনুযায়ী, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের শৃঙ্খলাবিধির ৮২ ও ৮৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে সেনেগাল। আইন অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া বা খেলা শেষ হওয়ার আগে কোনো দল মাঠ ত্যাগ করলে তা সরাসরি হার হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট দলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে। যদিও ১৭ মিনিট পর খেলোয়াড়রা মাঠে ফিরে ম্যাচটি ১-০ গোলে জিতেছিলেন, কিন্তু ওই সাময়িক ‘ওয়াক-অফ’ ঘটনাটিকেই নিয়মভঙ্গ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

সিএএফ-এর সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের কারণে সেনেগালের জয় বাতিল করে ম্যাচটিতে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়েছে। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠ ছাড়ার অপরাধে সেনেগালকে টুর্নামেন্ট থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি তাদের শিরোপাও কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকান ফুটবলের ইতিহাসে এক নজিরবিহীন শাস্তির মুখে পড়ল বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *