সেমিফাইনালের সমীকরণে ঘোর প্যাঁচে পাকিস্তান কি পারবে আসাম্ভবকে সম্ভব করতে – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202610:20 am
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এখন শেষের পথে। গ্রুপ ২-এর লড়াই এমন এক রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছেছে যে ইংল্যান্ড ছাড়া আর কোনো দলের সেমিফাইনাল নিশ্চিত নয়। শ্রীলঙ্কা ইতিমধ্যেই বিদায় নিলেও নিউজিল্যান্ড ও পাকিস্তানের ভাগ্য ঝুলে আছে সুতোর ওপর। কিউইরা নিজেদের দমে এগোতে পারলেও সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান দলের ভাগ্য এখন অন্যদের হাতে।
সুপার-৮ রাউন্ডের বর্তমান চিত্র
গ্রুপ ২-এর সমীকরণ বলছে, নিউজিল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের নেট রান রেট বেশ শক্তিশালী (+৩.০৫০)। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র ১ পয়েন্ট এবং রান রেট মাইনাস ০.৪৬১। আগামী ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচই নির্ধারণ করবে শেষ চারের ভাগ্য।
পাকিস্তানের জন্য প্রথম শর্ত
শুক্রবার যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে ৫ পয়েন্ট নিয়ে কিউইরা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও ৩ পয়েন্টের বেশি পাবে না এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। পাকিস্তানের আশা টিকে থাকবে কেবল যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়।
রান রেটের কঠিন সমীকরণ
ইংল্যান্ড জিতলে পাকিস্তানের সামনে আসবে বিশাল জয়ের লক্ষ্য। সমীকরণগুলো একনজরে দেখে নিন
- ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ১৫ রানে হারায়, তবে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে অন্তত ৫৫ রানের বড় ব্যবধানে জিততে হবে।
- যদি ইংল্যান্ড মাত্র ১ রানে জয় পায়, তবে পাকিস্তানের জয়ের ব্যবধান হতে হবে অন্তত ৬৯ রান।
- আবার ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানের বিশাল ব্যবধানে হারায়, তবে পাকিস্তানের কাজ কিছুটা সহজ হবে। সেক্ষেত্রে লঙ্কানদের বিরুদ্ধে ২০ রানে জিতলেই চলবে। রান তাড়া করার ক্ষেত্রে পাকিস্তানকে ১৭.৫ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে।
সব মিলিয়ে পাকিস্তানের সেমিফাইনাল যাত্রা এখন যেমন গাণিতিক হিসাবের ওপর দাঁড়িয়ে, তেমনি ভাগ্যের সাহায্যও তাদের একান্ত প্রয়োজন।

