লেটেস্ট নিউজ

সোনার মূর্তির টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, কসবায় পুলিশের জালে অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় মাটির নিচ থেকে পাওয়া ‘সোনার মূর্তি’ বিক্রির চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ১১ লক্ষ ২০ হাজার টাকা খোয়ালেন কসবার এক হোটেল ব্যবসায়ী। ধরমবীর সাউ নামক ওই ব্যক্তি ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিশ্বাসযোগ্যতা অর্জনে প্রথমে তাঁকে খাঁটি সোনার নমুনা দেখানো হলেও, বিপুল অর্থ লেনদেনের পর তিনি বুঝতে পারেন যে কেনা মূর্তিগুলো আসলে সোনার প্রলেপ দেওয়া পিতলের।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দমে না গিয়ে সাহসিকতার পরিচয় দেন ধরমবীরবাবু। প্রতারক চক্রটি পুনরায় তাঁকে নতুন মূর্তির টোপ দিয়ে দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণমোহনে ডাকলে তিনি সেখানে পৌঁছান। অভিযুক্ত ফারুক বৈদ্য মূর্তি দিতে এলে ব্যবসায়ী তাকে জাপটে ধরেন এবং স্থানীয়দের সহায়তায় পাকড়াও করেন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ধৃত ফারুক বৈদ্যের কাছ থেকে দুটি নকল মূর্তি এবং নগদ ২ লক্ষ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই বড়মাপের প্রতারণা চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একইসঙ্গে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রলোভন ও অবিশ্বাস্য বিজ্ঞাপনের ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *