লেটেস্ট নিউজ

সোনা, রুপোর গয়নার অর্ডার নিতে ভয় পাচ্ছেন জুয়েলারি মালিকরা, কেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সোনা ও রুপোর বাজারের নজিরবিহীন অস্থিরতায় চরম সংকটে গয়না শিল্প। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকায় নতুন অর্ডারের অ্যাডভান্স বা অগ্রিম বুকিং নিতে রীতিমতো ভয় পাচ্ছেন জুয়েলারি মালিকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ব্যবসায়িক ক্ষতি এড়াতে এখন ক্রেতাদের কাছ থেকে ১০০ শতাংশ পেমেন্ট বা পুরো টাকা দাবি করছেন তাঁরা।

কেন এই ভয়?

কেরল গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল নাজার জানিয়েছেন, বাজারে সোনার দামের কোনো স্থিরতা নেই। এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম ১২ শতাংশ এবং রুপোর দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি একদিনের ব্যবধানেও প্রতি গ্রামে ১০০০ টাকা পর্যন্ত দামের হেরফের ঘটছে। এই পরিস্থিতিতে অগ্রিম টাকা নিয়ে অর্ডার রাখলে গয়না তৈরির সময় দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

ক্রেতাদের পিছুটান ও হালকা গয়নার ঝোঁক

চেন্নাইয়ের এনএসি জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর অনন্ত পদ্মনাভান জানিয়েছেন, গত এক বছরে সোনার দাম দ্বিগুণ এবং রুপোর দাম তিনগুণ বেড়েছে। দামের এই অনিশ্চয়তার কারণে অনেক ক্রেতা অর্ডার দিয়েও পরে পিছিয়ে যাচ্ছেন। অনেকেই ভারী গয়নার বদলে হালকা ডিজাইনের দিকে ঝুঁকছেন।

অস্থিরতার নেপথ্যে বিশ্ব রাজনীতি

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের আবহ এবং আমেরিকার শুল্ক নীতির পরিবর্তনের কারণে বিনিয়োগকারীরা সোনা ও রুপোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন। ফলে বিশ্ববাজারে এই দুই ধাতুর চাহিদা ও দাম দুই-ই তুঙ্গে।

বর্তমানে কলকাতার বাজারে রুপো ৪ লক্ষ টাকার গণ্ডি ছুঁইছুঁই। এই রেকর্ড মূল্যবৃদ্ধির বাজারে ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখাই এখন গয়না প্রস্তুতকারকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *