সোমবারই কি মিটছে ৬০ লক্ষ ভোটারের ভাগ্য? তালিকায় নাম না থাকলে শেষ সুযোগ কোথায় পাবেন জানুন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় অপেক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল সোমবার রাত ৮টার মধ্যে প্রকাশিত হবে প্রথম পরিপূরক তালিকা। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ বা সন্দেহজনক তালিকায় থাকায় এই মুহূর্তের বড় প্রশ্ন হলো— কতজনের নাম শেষ পর্যন্ত ঠাঁই পেল মূল তালিকায়?
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ২৭ লক্ষেরও বেশি নামের নিষ্পত্তি করেছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। তবে যাদের নাম এই প্রথম পরিপূরক তালিকাতেও থাকবে না, তাদের জন্য রয়েছে বিকল্প পথ। তারা অনলাইনের মাধ্যমে ইসি নেট (ECINET) পোর্টালে অথবা অফলাইনে জেলা ও মহকুমা শাসকের দফতরে আপিল করতে পারবেন। এই অভিযোগ শোনার জন্য রাজ্যে ১৯টি বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
নিরাপত্তায় জোর ও প্রশাসনিক তৎপরতা
তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে তৎপর নবান্ন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছেন। অন্যদিকে মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করে জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
আবেদনকারীদের জন্য জরুরি তথ্য
- তালিকায় নাম না থাকলে ট্রাইব্যুনালে সরাসরি আবেদন করা যাবে।
- আবেদনের জন্য কোনো ব্যক্তিগত আইনজীবীর প্রয়োজন নেই।
- নতুন কোনো নথির প্রয়োজন হবে না, আগের জমা দেওয়া নথির ভিত্তিতেই হবে পুনর্বিচার।
- অধিকাংশ ক্ষেত্রে শুনানিরও প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে কমিশন।
বিএলও-রা এখনও ট্রাইব্যুনাল সংক্রান্ত সরকারি নির্দেশিকা না পেলেও ভোটারদের ব্যক্তিগতভাবে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছেন। সোমবারের এই তালিকা প্রকাশের পর রাজ্যের ভোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

