সোমবার দুপুর ১২টার মধ্যে চরম সিদ্ধান্ত না নিলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে বোমাবর্ষণের হুঁশিয়ারি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আরও প্রবল হয়ে উঠল। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১০ দিনের সংঘর্ষবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এবার পালটা চরম সময়সীমা বেঁধে দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। তাদের সাফ হুঁশিয়ারি, সোমবার দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ বোমাবর্ষণ করা হবে।
ইরানের দাবি, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় তাদের দুটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই ঘটনার আনুষ্ঠানিক নিন্দা জানাতে ওয়াশিংটনকে ৩০ মার্চ দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে তেহরান। অন্যথায় মধ্যপ্রাচ্যের মার্কিন ক্যাম্পাসগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে আইআরজিসি। এই উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সিবিএসই তাদের সমস্ত পরীক্ষা বাতিল করেছে।
পালটা প্রস্তুতি নিচ্ছে আমেরিকাও। ইরানের ওপর বড়সড় আঘাত হানতে মধ্যপ্রাচ্যে সাড়ে ৩ হাজার অতিরিক্ত সেনা এবং ‘জলদানব’ হিসেবে পরিচিত যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি পাঠিয়েছে ওয়াশিংটন। প্রায় আড়াই হাজার মেরিন সেনা নিয়ে রণতরীটি গন্তব্যে পৌঁছানোয় ইরানে মার্কিন ‘গ্রাউন্ড ইনভেশন’ বা স্থলপথ অভিযানের সম্ভাবনা জোরালো হচ্ছে।

