সোমবার নির্বাচন কমিশনে মমতা-অভিষেক, সঙ্গে যাচ্ছেন ‘মৃত’ ঘোষিত ভোটাররাও! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের সময় দিল ভারতের নির্বাচন কমিশন। আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় দিল্লিতে কমিশনের সদর দফতরে বসবে এই হাইভোল্টেজ বৈঠক।
তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রতিনিধি দলে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক সাংসদ। কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ১৫ জন সদস্য এই বৈঠকে অংশ নিতে পারবেন।
এই সফরের মূল আকর্ষণ:
রাজনৈতিক মহলে গুঞ্জন, ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত অথচ আদতে জীবিত—এমন বেশ কিছু সাধারণ মানুষকে সঙ্গে করে দিল্লি নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী। কমিশনের ভুলে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, তা সশরীরে প্রমাণ করতেই এই অভিনব পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া SIR প্রক্রিয়ার আতঙ্কে যাঁদের মৃত্যু হয়েছে বলে তৃণমূল দাবি করেছে, তাঁদের পরিবারের সদস্যরাও এই দলে থাকতে পারেন।
উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি দিলেও কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ। সোমবারের এই বৈঠকেই ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অসঙ্গতি নিয়ে সওয়াল করবে জোড়াফুল শিবির।

