সোশ্যাল মিডিয়ায় পদ্মশিবিরকে টেক্কা দিতে ডিজিটাল যোদ্ধার খোঁজে তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির আইটি সেলকে কড়া টক্কর দিতে এক অভিনব প্রচার কৌশল গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। এবার আমজনতার মধ্য থেকে দক্ষ ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল যোদ্ধা’ হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা স্বেচ্ছায় রিলস, মিউজিক ভিডিও বা গ্রাফিক্সের মাধ্যমে ‘বাংলার পক্ষে’ কাজ করতে আগ্রহী, তারা সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। মূলত আগামী চার মাসের এক বিশেষ লড়াইয়ের লক্ষ্যেই এই স্বেচ্ছাসেবক নিয়োগের ডাক দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সোশ্যাল মিডিয়া প্রচারে বিজেপির দাপট রুখতেই তৃণমূলের এই পাল্টা রণনীতি। ইতিপূর্বেই মিলন মেলায় এই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে বিশেষ সম্মেলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তৃণমূলের এই আইটি সেল চাইছে সাধারণ মানুষের সৃজনশীলতাকে হাতিয়ার করে প্রচারের ঝাঁঝ আরও বাড়াতে। এর মাধ্যমে তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বার্তা যেমন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে রাজ্যের শাসকদল।

