স্কুলের মাঠে ও কে? মুহুর্মুহু গর্জন শুনেই বাতিল সব ক্লাস, দরজা বন্ধ করে ভয়ে কাঁটা শিক্ষক থেকে পড়ুয়ারা – এবেলা
এবেলা ডেস্কঃ
গাজিয়াবাদের এক নামী স্কুলে সাতসকালে যা ঘটল, তা যেন কোনো রুদ্ধশ্বাস থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানায়। ক্লাস শুরু হওয়ার আগেই নিরাপত্তারক্ষীর নজরে আসে স্কুল প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে এক রক্তমাংসের লেপার্ড। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, স্কুল চত্বর জুড়ে শুরু হয় হুলস্থুল কাণ্ড। নিরাপত্তার খাতিরে দ্রুত বাতিল করে দেওয়া হয় সমস্ত পিরিয়ড। আতঙ্কে স্কুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে কার্যত জবুথবু হয়ে বসে ছিলেন শিক্ষক ও পড়ুয়ারা।
ঘটনাটি ঘটেছে গোবিন্দপুরম এলাকার গ্রিনফিল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে। বুধবার সকাল সাতটা নাগাদ স্কুলের জি ক্যাম্পাসে লেপার্ডটিকে প্রথমবার লক্ষ্য করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কবি নগর থানার পুলিশ এবং বন দপ্তরের একটি বিশেষ দল। বেশ কয়েক ঘণ্টা স্কুলটিকে কার্যত দুর্গের মতো ঘিরে রাখা হয়, যাতে কোনো পড়ুয়া বাইরে বেরোতে না পারে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লেপার্ডটি স্কুল প্রাঙ্গণ থেকে একটি নির্দিষ্ট ঘরের ভেতর ঢুকে পড়ছে। যদিও দীর্ঘ তল্লাশির পর বন দপ্তরের কর্মীরা সেটির হদিশ পাননি, তবে গোটা এলাকা জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
বিয়ের আসরে হানা দিল একপাল সিংহ
বনপ্রাণীর লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা এখানেই শেষ নয়। গুজরাটের জুনাগড়ে এক বিয়েবাড়িতে যা ঘটেছে, তা শুনলে গায়ে কাঁটা দেবে। ধুমধাম করে বিয়েবাড়ি চলছে, সানাইয়ের সুর আর খাওয়াদাওয়ায় মজেছেন নিমন্ত্রিতরা। ঠিক তখনই সেই আনন্দ উৎসবে হানা দিল একদল সিংহ। রাতের অন্ধকারে ডিনার প্যান্ডেলের ভেতর দুটি সিংহকে ঘুরে বেড়াতে দেখে প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন অভ্যাগতরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সিংহের দলটি তাঁবুর ভেতর ঢুকে এদিক-ওদিক পায়চারি করছে। পাত্র-পাত্রী থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা ভয়ে সিঁটিয়ে থাকলেও, আশ্চর্যজনকভাবে সিংহগুলো কারোর ওপর হামলা করেনি। এমনকি বিয়েবাড়ির খাবারও নষ্ট করেনি তারা। কিছুক্ষণ আভিজাত্যের সঙ্গে বিয়ের আসর পরিদর্শন করে সিংহগুলো শান্তভাবে পাশের জঙ্গলে ফিরে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, বন্যপ্রাণের এমন আকস্মিক উপস্থিতিতে এখনও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মনে।

