স্ত্রীর পরকীয়া ও ঘরছাড়া হওয়ার চরম পরিণতি! কিশোর ছেলেকে শ্বাসরোধ করে আত্মঘাতী বাবা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ৩০ নম্বর ওয়ার্ডে স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে ১৪ বছরের ছেলেকে নিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে পুলিশ বাপ্পা নস্কর (৪০) ও তাঁর ছেলে রূপম নস্করের (১৪) ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে ছেলেকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বাপ্পা। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন বাপ্পার স্ত্রী, যা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। মাস ছয়েক আগে স্বামী ও সন্তানকে ছেড়ে ওই নারী বাপের বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে বাপ্পার বাবা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালার পর্দা সরিয়ে নিথর দেহ দুটি দেখতে পান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

