স্পা সেন্টারের আড়ালে কোন অন্ধকার জগৎ কেড়ে নিল তরুণীর প্রাণ – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্ণাটকের চিক্কামাগালুরুতে রহস্যমৃত্যু নাগাল্যান্ডের ২২ বছর বয়সী এক তরুণীর। মৃতদেহ উদ্ধারের পর সামনে আসছে স্পা সেন্টারের ভেতরে দিনের পর দিন চলা ভয়াবহ মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে জানা গেছে, লিংসুলা নামের ওই তরুণী একটি স্পা সেন্টারে কাজ করতেন। সম্প্রতি তিনি প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তার বোন লাশিলা ইঞ্চুঙ্গার অভিযোগ, রাজেশ এবং তেজাশ নামের দুই ব্যক্তি তরুণীর ওপর চরম মানসিক নিপিড়ন চালাতেন। এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরেই তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক দিনে কর্ণাটক ও মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে একাধিক তরুণী ও পেশাজীবীর রহস্যমৃত্যুর ঘটনা নারী নিরাপত্তা ও মানসিক হেনস্তার বিষয়টি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
স্পা সেন্টারের সেই দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইস্টার্ন নাগাল্যান্ড স্টুডেন্ট’স ইউনিয়ন। পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো বড় চক্র সক্রিয় কি না।

