স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় বিতর্ক, জবাবি ভাষণ দেবেন অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আজ বুধবার এই বিতর্কের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাবি ভাষণ দেবেন। গতকাল মঙ্গলবার বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের মাত্র ৪৭ মিনিট আলোচনা সম্ভব হয়েছিল, বাকি সময়টি হট্টগোলে নষ্ট হয়।
মঙ্গলবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। রাহুল গান্ধীর এআই সামিট ও ইউথ কংগ্রেসের প্রতিবাদ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে পালটা তোপ দেগেছেন সম্বিত পাত্র ও সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। রিজিজু অভিযোগ করেন যে, রাহুল গান্ধী সংসদীয় রীতিনীতি লঙ্ঘন করে স্পিকারের অনুমতি ছাড়াই কথা বলতে চান, যা কোনো সংসদ সদস্যের পক্ষে শোভনীয় নয়।
বিতর্কের এক পর্যায়ে রাহুল গান্ধীর অনুপস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধী তাঁর হয়ে জোরালো সওয়াল করেন। তিনি দাবি করেন, গত ১২ বছর ধরে রাহুল গান্ধী কোনো শক্তির কাছে মাথা নত করেননি এবং সরকার তাঁর সত্য ভাষণ সহ্য করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের ভাষণের দিকেই এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে, যেখান থেকে সংসদের বর্তমান অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে।

