স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা – এবেলা
এবেলা ডেস্কঃ
বর্তমানে স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর অতিরিক্ত ব্যবহার ত্বকের অপূরণীয় ক্ষতি করছে। বিশেষজ্ঞদের মতে, মোবাইল স্ক্রিন থেকে নির্গত ‘ব্লু লাইট’ ত্বকের গভীরে পৌঁছে কোলাজেন নষ্ট করে দেয়। ফলে অকাল বার্ধক্য, ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের মতো সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ফলে সৃষ্ট তাপ ত্বককে শুষ্ক ও সংবেদনশীল করে তোলে।
মোবাইল ব্যবহারের ধরনেও লুকিয়ে আছে বিপদ। দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে ফোন স্ক্রল করার ফলে ঘাড়ে অকাল ভাঁজ ও চামড়া ঝুলে যাওয়ার মতো ‘টেক নেক’ সমস্যা প্রকট হচ্ছে। চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুশ্রুতি মুখোপাধ্যায়ের মতে, অপরিষ্কার ফোন এবং অতিরিক্ত স্ক্রিন টাইম সরাসরি ত্বকের স্বাস্থ্যের অবনতি ঘটায়। এতে ত্বকে লালচে ভাব ও জ্বালা সৃষ্টি হতে পারে।
এই ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা নিয়মিত ফোন পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। দীর্ঘক্ষণ কথা বলার ক্ষেত্রে হেডফোন ব্যবহার এবং রাতে স্ক্রিন টাইম কমানো জরুরি। এছাড়া ত্বকের সুরক্ষায় ঘরের ভেতরেও সানস্ক্রিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্কিন কেয়ার পণ্য ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি সচেতনতাই পারে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে।

