লেটেস্ট নিউজ

স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করার প্রস্তাব কেন্দ্রের, খরচ বাড়ার আশঙ্কায় বিরোধিতায় মোবাইল সংস্থাগুলি – এবেলা

এবেলা ডেস্কঃ

স্মার্টফোনে ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন নির্দেশিকা জারি করতে চাইছে কেন্দ্র। নতুন প্রতিটি স্মার্টফোনে ‘mAdhaar’ অ্যাপটি আগে থেকেই ইনস্টল বা প্রি-ইনস্টল রাখার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। মূলত নাগরিকদের আধার তথ্য সংশোধন ও আপডেট করার প্রক্রিয়া সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী, গত জানুয়ারিতেই মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।

তবে সরকারের এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে স্যামসাং ও অ্যাপলের মতো বহুজাতিক স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলো। তাদের দাবি, ভারতের বাজারের জন্য আলাদা করে অ্যাপ প্রি-ইনস্টল করতে হলে উৎপাদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে হবে। এতে নির্মাণ খরচ বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাগুলোর আপত্তির মুখে প্রস্তাবটি এখনও কার্যকর না হলেও, বিষয়টি নিয়ে মোবাইল নির্মাতা ও কেন্দ্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের প্রচলিত নকশায় আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে। নতুন নকশায় দৃশ্যমান ব্যক্তিগত তথ্যের বদলে কিউআর কোড ব্যবহারের কথা ভাবা হচ্ছে। এই কোড স্ক্যান করার জন্য ‘mAdhaar’ অ্যাপটি অপরিহার্য হয়ে পড়বে। মূলত ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে তথ্য যাচাই প্রক্রিয়াকে বাধ্যতামূলক করার লক্ষ্যেই কেন্দ্র স্মার্টফোন নির্মাতাদের ওপর এই চাপ সৃষ্টি করছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *