স্মার্টফোন ব্যবহারে চরম নিষেধাজ্ঞা! রাজস্থানের ১৫ গ্রামে মহিলাদের জন্য জারি নতুন ফতোয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে স্থানীয় চৌধুরী সম্প্রদায়ের পঞ্চায়েত। নতুন নির্দেশিকা অনুযায়ী, মহিলারা কোনো সামাজিক অনুষ্ঠান বা জনসমক্ষে ক্যামেরা যুক্ত ফোন ব্যবহার, সেলফি তোলা বা ভিডিও রেকর্ড করতে পারবেন না; তাদের কেবল সাধারণ কিপ্যাড ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৬ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পঞ্চায়েত প্রধান সুজনরাম চৌধুরীর দাবি, মোবাইল আসক্তি ও চোখের ক্ষতি রুখতেই এই পদক্ষেপ। তবে শুধুমাত্র মহিলাদের ওপর এমন বৈষম্যমূলক নিষেধাজ্ঞা চাপানোয় ক্ষোভ উগরে দিয়েছেন নারী অধিকার কর্মীরা। তাদের মতে, সুরক্ষার দোহাই দিয়ে আধুনিক প্রযুক্তি থেকে নারীদের বঞ্চিত করা লিঙ্গবৈষম্যেরই নামান্তর। এই ফতোয়া নিয়ে বর্তমানে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।

