স্যান্ডো গেঞ্জি বিতর্কে নাম জড়ানো সেই আইপিএস পেলেন বড় পদ – এবেলা
এবেলা ডেস্কঃ
কালীপুজোর রাতে স্যান্ডো গেঞ্জি পরে তাণ্ডব চালানোর অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। খোদ পুলিশ সুপারের বিরুদ্ধেই উঠেছিল সাধারণ মানুষকে মারধরের অভিযোগ। সেই ঘটনার জেরে কোচবিহার থেকে অপসারিত হওয়া আইপিএস দ্যুতিমান ভট্টাচার্যকে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরাল নবান্ন।
রাজ্য পুলিশের সাম্প্রতিক রদবদলে ২৩ জন পদস্থ আধিকারিকের নাম রয়েছে। যার মধ্যে সবথেকে নজরকাড়া নাম দ্যুতিমান ভট্টাচার্য। ৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডারের পদ থেকে সরিয়ে তাঁকে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (দক্ষিণ) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্যান্ডো গেঞ্জি বিতর্কের জেরে তাঁকে যে লুপ লাইনে পাঠানো হয়েছিল, নতুন এই পোস্টিংয়ের মাধ্যমে তিনি ফের সক্রিয় পুলিশিংয়ের মূলস্রোতে ফিরলেন বলেই মনে করা হচ্ছে।

