হরমুজ় সংকট কাটিয়ে দেশে ফিরল এলপিজি বোঝাই ভারতীয় জাহাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ টানাপড়েন শেষে সোমবার গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এসসিআই) জাহাজ ‘শিবালিক’। প্রায় ৪০ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে আসা এই জাহাজটি গত শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী অতিক্রম করেছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শিবালিকের আগমনে তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।
একই পথে ভারতের দিকে এগিয়ে আসছে এসসিআই-এর অপর একটি বড় ট্যাঙ্কার ‘নন্দাদেবী’। প্রচুর পরিমাণ এলপিজি নিয়ে আসা এই জাহাজটি মঙ্গলবার মুম্বই পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে হরমুজ় প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল কার্যত থমকে গিয়েছিল। শিবালিক এবং নন্দাদেবী হলো সেই সংকটের পর এই জলপথ অতিক্রমকারী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় বাণিজ্যিক জাহাজ।
ভারতের জ্বালানি নিরাপত্তার স্বার্থে নয়াদিল্লি ও তেহরানের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার পরেই এই জাহাজ চলাচলের জট খুলেছে। প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানি নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর ভারতের বাণিজ্যিক জাহাজগুলোকে নির্বিঘ্নে চলাচলের আশ্বাস দেয় ইরান। দেশের দৈনিক গ্যাস চাহিদার প্রায় অর্ধেক আমদানির ওপর নির্ভরশীল হওয়ায়, এই এলপিজি সরবরাহ ভারতের অভ্যন্তরীণ বাজারের উদ্বেগ নিরসনে বড় ভূমিকা রাখবে।

