হরমুজ প্রণালীতে আটকে ভারতের তেলের জাহাজ, সংকট মেটাতে রণতরী পাঠাচ্ছে নয়াদিল্লি – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে ভারত। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী তেহরান বন্ধ করে দেওয়ায় সেখানে আটকে পড়েছে অসংখ্য ভারতীয় তেলবাহী জাহাজ। এই জরুরি অবস্থা মোকাবিলায় এবার সরাসরি রণতরী পাঠিয়ে নিজেদের জাহাজগুলিকে নিরাপদ পাহারায় দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় নৌসেনা।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জাহাজ মালিকদের আবেদনের ভিত্তিতেই কেন্দ্র এই পদক্ষেপের কথা ভাবছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর উপস্থিতিতে হওয়া এই বৈঠকে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দেশের সাধারণ মানুষের জীবনে। রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় এবং সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুম্বাই, বেঙ্গালুরু ও পুনের মতো বড় শহরগুলিতে অনেক হোটেল-রেস্তরাঁ বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকার ক্রমাগত ইরান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। ভারতের লক্ষ্য, যুদ্ধের রক্তচক্ষু উপেক্ষা করে দ্রুত আটকে পড়া জাহাজগুলিকে বন্দরে ফিরিয়ে আনা এবং দেশের বাজারে জ্বালানির জোগান স্বাভাবিক করা।

