লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালীতে ইরানি মিসাইল হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন ১৫ ভারতীয় নাবিক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ইরানি নিশানায় ভারতীয় নাবিক বোঝাই তৈলবাহী জাহাজ। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে তেহরানের রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই ওমান সংলগ্ন হরমুজ প্রণালীতে আছড়ে পড়ল ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই ভয়াবহ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জাহাজে থাকা ১৫ জন ভারতীয় কর্মী। ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টারের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ‘স্কাইলাইট’ নামের ওই জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার ফলে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কোনও ভারতীয় রয়েছেন কি না, তা নিয়ে এখনও উদ্বেগ কাটেনি।

খসাব বন্দর সংলগ্ন সমুদ্রে ভয়াবহ হামলা

শনিবার থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে যখন আমেরিকা ও ইজরায়েল একযোগে ইরানের ওপর হামলা চালায়। এর পাল্টা হিসেবে রবিবার ওমানের দুকম বন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। ঠিক সেই সময়েই ওমানের খসাব বন্দর থেকে মাত্র ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল পালাউয়ের মালিকানাধীন ওই তৈলবাহী জাহাজটি। আচমকাই জাহাজের পাশে আছড়ে পড়ে ইরানি মিসাইল। জাহাজে থাকা মোট ২০ জন কর্মীর মধ্যে ১৫ জনই ভারতীয় নাগরিক, বাকি ৫ জন ইরানি। হামলার পর দ্রুত উদ্ধারকাজ চালিয়ে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিশ্ব বাণিজ্যের লাইফলাইনে অশনি সংকেত

হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী এক অত্যন্ত সংকীর্ণ কিন্তু রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ। সৌদি আরব, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলো এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে খনিজ তেল রপ্তানি করে। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে তেলের সরবরাহ বজায় রাখতে এই জলপথের গুরুত্ব অপরিসীম। ইরান আগেই হুমকি দিয়েছিল যে আমেরিকা হামলা চালালে তারা এই প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। সরকারিভাবে এখনও সেই ঘোষণা না এলেও ইরানের রেডিও সম্প্রচারে এই পথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের ওপর প্রভাব ও গভীর উদ্বেগ

দিল্লি এবং তেহরানের কূটনৈতিক সুসম্পর্ক থাকলেও রণক্ষেত্রের এই বিশৃঙ্খলা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতের মোট আমদানিকৃত তেলের প্রায় ৫০ শতাংশ আসে এই হরমুজ প্রণালী দিয়ে। যদি কোনো কারণে এই জলপথ অবরুদ্ধ হয়ে পড়ে বা নিয়মিত হামলার ঘটনা ঘটে, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি ভারতের অর্থনীতিতেও বড়সড় ধাক্কা লাগতে পারে। ১৫ জন ভারতীয় কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিম্যধ্যেই তৎপরতা শুরু করেছে বিদেশ মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *