হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলা, ২ ভারতীয়র মৃত্যু, নিখোঁজ ১ – এবেলা
এবেলা ডেস্কঃ
হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘ময়ুরী নারী’-তে ভয়াবহ হামলায় ২ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রক এই দুঃখজনক খবরের সত্যতা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর খলিফা বন্দর থেকে গুজরাটের কান্দলার উদ্দেশ্যে আসার পথে জাহাজটি আক্রান্ত হয়।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হামলায় ২ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং ১ জন এখনো নিখোঁজ রয়েছেন। ওমান নৌবাহিনী ইতিমধ্যে ২৩ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও উদ্ধারকাজ এখনো জারি রয়েছে। আহত অন্য এক ভারতীয় নাবিক বর্তমানে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ওই অঞ্চলে মাইন বোঝাই নৌযান মোতায়েন থাকায় এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মোট মৃত ভারতীয়র সংখ্যা বেড়ে দাঁড়াল ৫-এ, যা নয়াদিল্লির উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

