হরমুজ প্রণালীতে ভারতের স্বস্তি: আরও দুটি এলপিজি ট্যাঙ্কারকে যাতায়াতের অনুমতি দিল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যেই ভারতের জন্য স্বস্তির খবর এল। পারস্য উপসাগরের সংবেদনশীল হরমুজ প্রণালী দিয়ে আরও দুটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কারকে নিরাপদে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান। আন্তর্জাতিক শিপিং সূত্রের খবর অনুযায়ী, ‘BW ELM’ এবং ‘BW TYR’ নামক ভারতীয় পতাকাবাহী জাহাজ দুটি ৯০ হাজার টনেরও বেশি রান্নার গ্যাস নিয়ে ওমান উপসাগরের দিকে অগ্রসর হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অবরুদ্ধ থাকায় ভারতে জ্বালানি আমদানিতে সংকট তৈরি হয়েছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ভারতসহ পাঁচটি ‘বন্ধু’ দেশের জাহাজকে বিশেষ বিবেচনায় এই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। তবে শত্রুভাবাপন্ন দেশগুলোর ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলে তেহরান স্পষ্ট করে দিয়েছে।
ভারতের মোট জ্বালানি আমদানির প্রায় ৫০ শতাংশ এই রুট দিয়েই আসে। বর্তমানে আরও পাঁচটি ভারতীয় তেলের ট্যাঙ্কারসহ প্রায় ২০টি জাহাজ ওই অঞ্চলে ইরানের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কূটনৈতিক সিদ্ধান্তের ফলে দেশের বাজারে রান্নার গ্যাসের জোগান দ্রুত স্বাভাবিক হবে এবং আসন্ন জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

