লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী! মার্কিন প্রেসিডেন্টের এক মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে এক জনসভায় বক্তব্য রাখার সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে হঠাৎ করেই ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালী’ বলে সম্বোধন করেন তিনি। যদিও মুহূর্তের মধ্যেই নিজের ভুল সংশোধন করে একে রসিকতা বলে উড়িয়ে দেন ট্রাম্প, তবে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জলঘোলা।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই ‘ভুল’ আদতে ইরানকে দেওয়া একটি কড়া রাজনৈতিক বার্তা। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য কায়েম এবং ইরানের নিয়ন্ত্রণ খর্ব করার প্রচ্ছন্ন হুমকি হিসেবেই একে দেখা হচ্ছে। তেহরান যদি আমেরিকার দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাব মেনে না নেয়, তবে ওয়াশিংটন যে সামরিক পথে গিয়ে জলপথটির নিয়ন্ত্রণ নিতে দ্বিধা করবে না, ট্রাম্পের এই রসিকতা সেই ইঙ্গিতই বহন করছে।

ইতিমধ্যেই ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ‘খার্গ দ্বীপ’ দখলের নীল নকশা তৈরি করেছে পেন্টাগন। উল্লেখ্য, ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি হয়। আমেরিকা যদি এই সামরিক ও বাণিজ্যিক ঘাঁটির দখল নিতে পারে, তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি পঙ্গু হয়ে পড়বে ইরানের সামগ্রিক অর্থনীতিও। শান্তি আলোচনার মেয়াদ ১০ দিন বাড়ানো হলেও, ট্রাম্পের এই নতুন নামকরণ ঘিরে পারস্য উপসাগরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *