হরমুজ প্রণালী পেরিয়ে দেশে ফিরছে ভারতীয় গ্যাস বাহী জাহাজ, মিটবে এলপিজি সংকট – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে ঘনীভূত হওয়া এলপিজি সংকটের আশঙ্কার মাঝেই স্বস্তির বার্তা নিয়ে ভারতের বন্দরে পৌঁছতে চলেছে ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ নামের দুটি বিশাল গ্যাসবাহী জাহাজ। ইরান ও ওমান সংলগ্ন রণতপ্ত হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজ দুটি বর্তমানে গুজরাত উপকূলের অত্যন্ত কাছে অবস্থান করছে। কয়েক ঘণ্টার মধ্যেই ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে ‘শিবালিক’ মুন্দ্রা বন্দরে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘নন্দাদেবী’ কান্দলা বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জাহাজ দুটিতে থাকা বিপুল পরিমাণ গ্যাস দেশের বর্তমান সরবরাহ ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। হিসাব অনুযায়ী, শিবালিক জাহাজে থাকা ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি দিয়ে প্রায় ৩১ থেকে ৩২ লক্ষ গৃহস্থালি সিলিন্ডার (১৪.২ কেজি) অথবা প্রায় ২৩ থেকে ২৪ লক্ষ বাণিজ্যিক সিলিন্ডার (১৯ কেজি) ভর্তি করা সম্ভব। আমদানিকৃত এই জ্বালানি বাজারে এলে হোটেল, রেস্তরাঁ এবং সাধারণ মানুষের হেঁশেলের দুশ্চিন্তা অনেকটাই কমবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে। হরমুজ প্রণালী দিয়ে শিবালিক ও নন্দাদেবীর পাশাপাশি ‘জগ লাডকি’ ও ‘জগ প্রকাশ’-এর মতো তেলবাহী জাহাজগুলিও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। পশ্চিম এশিয়া থেকে আমদানিনির্ভর ভারতের এই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রকগুলো নিরন্তর সমন্বয় বজায় রেখে চলেছে।

