লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী ব্যবহারে বিশেষ ছাড়পত্র দিচ্ছে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালীকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্দিষ্ট কিছু দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান। দেশটির বিদেশ প্রতিমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি জানিয়েছেন, কয়েকটি দেশ এই জলপথ ব্যবহারের আবেদন জানালে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে। তবে কোন কোন দেশকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে, তা প্রকাশ করেনি তেহরান। বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের ২০ শতাংশ সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ রুটটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত অবরুদ্ধ রয়েছে।

ইরানি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, চলমান সংঘাতে দেশগুলোর অবস্থান বিবেচনা করেই এই সুবিধা দেওয়া হচ্ছে। যেসব রাষ্ট্র ইজরায়েল বা আমেরিকার আগ্রাসনকে সমর্থন করেছে, তারা হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পাবে না। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরপেক্ষ দেশগুলোকেই এই ছাড়পত্র দেওয়া হচ্ছে। অন্যদিকে, ওয়াশিংটন ও তেল আভিভকে সমর্থনকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতেই ইরান এই কঠোর অবস্থান বজায় রেখেছে।

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা চলবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই। গত ১৩ দিন ধরে বাণিজ্যিক পণ্য পরিবহন স্তব্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হচ্ছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে, তাদের সার্বভৌমত্ব ও স্বার্থের পরিপন্থী কোনো রাষ্ট্রকে এই কৌশলগত জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *