লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী মুক্ত করতে মিত্রশক্তির কাছে রণতরী পাঠানোর ডাক ট্রাম্পের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের অবরোধ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে মুক্ত করতে মিত্র দেশগুলোর কাছে রণতরী পাঠানোর জরুরি আবেদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের মতো ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যেন এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত যুদ্ধজাহাজ মোতায়েন করে। ট্রাম্পের দাবি, ইতিমধ্যে বেশ কিছু দেশ এই সংকটে সাড়া দিয়ে প্রস্তুতি শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে ধ্বংস করলেও ড্রোন বা মাইন হামলার ঝুঁকি এখনো রয়ে গেছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং হরমুজকে নিরাপদ করতে আমেরিকা লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাবে। ইরানের অনড় অবস্থানের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন বর্তমানে প্রবল চাপের মুখে রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে আমেরিকা আপাতত রুশ তেল কেনায় ছাড়পত্র দিলেও বিতর্ক থামছে না। হরমুজ সংকটে কোণঠাসা হয়ে ট্রাম্প এখন আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিচ্ছেন। এক লিটার তেলও মধ্যপ্রাচ্যের বাইরে যেতে না দেওয়ার যে হুঁশিয়ারি ইরান দিয়েছে, তা মোকাবিলা করতেই মূলত এই সামরিক জোট গঠনের আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বিশ্বমঞ্চে হারানো নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *