হরিদেবপুরের খালে কসবার বাসিন্দার রহস্যমৃত্যু, ঘনীভূত হচ্ছে রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: হরিদেবপুর থানা এলাকার করুণাময়ী খাল থেকে জগন্নাথ মিস্ত্রি (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দারা খালের জলে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত ব্যক্তি কসবা থানা এলাকার কুমারপাড়া লেনের বাসিন্দা। কসবার বাসিন্দা কীভাবে হরিদেবপুরের খালে পৌঁছলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজ, রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ওই ব্যক্তি নিজে থেকেই খালে পড়ে গিয়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

