হাঁসখালি গণধর্ষণ ও খুনে ঐতিহাসিক রায়, তিন মূল অভিযুক্তের যাবজ্জীবন, সাজা তৃণমূল নেতারও – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২২ সালের সেই নৃশংস হাঁসখালি কাণ্ডে অবশেষে ন্যায়বিচার মিলল। মঙ্গলবার রানাঘাট আদালতের বিচারক মূল তিন দোষী— সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের দায়ে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ ও প্রমাণ মুছতে দেহ পুড়িয়ে দেওয়ার এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল।
কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। দীর্ঘ তিন বছরের তদন্ত ও আইনি লড়াই শেষে আদালত সোমবার নয়জনকে দোষী সাব্যস্ত করেছিল। মঙ্গলবার সাজা ঘোষণার মাধ্যমে এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। নির্যাতিতার পরিবার ও আইনজ্ঞরা এই রায়কে সত্যের জয় হিসেবে দেখছেন। নৃশংস এই অপরাধের গুরুত্ব বিচার করেই আদালত কঠোরতম সাজার পথে হেঁটেছে বলে মনে করা হচ্ছে।

