হাওড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি: ধৃত মদের দোকানের মালিক, গণবিক্ষোভে রণক্ষেত্র চ্যাটার্জিহাট
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায় এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার মদের দোকানের মালিক রজপ্রিয় সাহা। অভিযুক্তের কুকীর্তি সামনে আসতেই সোমবার সকাল থেকে তার মদের দোকানের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং আপাতত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শৈলেন মান্না সরণি ও সংলগ্ন এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছিল রজপ্রিয়। মদের দোকানের আড়ালে তার বাইক-বাহিনীর দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিলেন এলাকার মহিলারা। রবিবার এক নাবালিকাকে শ্লীলতাহানির পর পালানোর চেষ্টা করলে তাকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, এর আগে এক স্কুল শিক্ষিকাকেও হেনস্তা করেছিল সে। ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

